চ্যানেল ওম নিউজ ডেস্ক

সনাতন দর্শন, আধ্যাত্মিকতা ও চিরন্তন সত্যের অনুসন্ধানকে কেন্দ্র করে নির্মিত আধ্যাত্মিক সিনেমেটিক তথ্যচিত্র ‘আদি থেকে অনন্ত’ প্রদর্শিত হতে যাচ্ছে ঢাকার শাঁখারীবাজারে।

আগামী ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার রাত ৯টায় শ্রী শ্রী মহাকাল শিব বিগ্রহ ও শ্রী শ্রী কালী বিগ্রহ মন্দিরের মন্দির প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, ‘আদি থেকে অনন্ত’ সনাতন দর্শনের আলোকে সৃষ্টি, চেতনা ও পরম সত্যের অনুসন্ধানকে তুলে ধরবে। ‘আদি কোথায়, অনন্তই বা কোথায়’—এমন দার্শনিক প্রশ্নকে সামনে রেখে নির্মিত তথ্যচিত্রটি দর্শকদের জন্য এক ভিন্নধর্মী আধ্যাত্মিক ও চিন্তাশীল অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ব হিন্দু মহাসভা, কোতোয়ালী থানা এ আয়োজনের উদ্যোগ নিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীসহ আগ্রহী দর্শকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, ‘সনাতন—আদি নেই, অন্ত নেই’ এই ভাবনাকে ধারণ করে ‘আদি থেকে অনন্ত’ দর্শকদের সৃষ্টি ও চিরন্তন সত্য নিয়ে নতুন করে ভাবতে অনুপ্রাণিত করবে।