হরিজন সম্প্রদায়ের মা-হারা কনের বিয়েতে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন গাজীপুরের ডিসি
হরিজন (সুইপার) সম্প্রদায়ের মা-হারা এক এতিম কনের বিয়েতে উপস্থিত হয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: নূরুল করিম ভূঁইয়া। তাঁর উপস্থিতিতে পুরো বিয়ের অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দ ও আবেগঘন এক পরিবেশে।
অনুষ্ঠানে কনে শ্রীমতী প্রীতি রানী বাসফোরের বিয়েতে কনে পক্ষের আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক। এ সময় কনের বাবা শ্রী রতন বাসফোর বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ গাজীপুর মহানগরের একজন কর্মী এবং গাজীপুর সিটি কর্পোরেশনে দীর্ঘদিন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। কনের প্রয়াত মা স্বর্গীয়া সীমা রানি বাসফোরও ডুয়েটে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে প্রীতি রানী বাসফোর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জেলা প্রশাসকের আগমনকে কেন্দ্র করে হরিজন সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই আবেগাপ্লুত হয়ে তাঁকে প্রণাম করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, প্রশাসনের উচ্চপদস্থ একজন কর্মকর্তার এমন মানবিক উপস্থিতি সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সমতা ও সম্মানের বার্তা বহন করে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, সংবিধান অনুযায়ী ধর্ম, বর্ণ, পেশা বা পরিচয় নির্বিশেষে সবাই সমান। কোনো পেশাই ছোট নয় বা অসম্মানের নয়। সমাজে ঐক্য, ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতেই এ ধরনের উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, গাজীপুরকে সমতা ও ঐক্যের একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে প্রশাসন কাজ করছে, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ সমান মর্যাদায় এগিয়ে যাবে।
জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক উপস্থিতি সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা যোগাবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.