প্যারিসে ভারতীয় স্থাপত্যের অনন্য নিদর্শন, স্বামী নারায়ণ মন্দির উদ্বোধন করলেন মোদি
ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে বুসি-সাঁ-জর্জ এলাকায় নির্মিত স্বামী নারায়ণ মন্দিরের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি বলেন, এই মন্দির ভারত ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর করবে।
মন্দিরটির উদ্বোধনকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সংহতির গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উল্লেখ করেন মোদি। তাঁর ভাষায়, প্যারিসে স্বামী নারায়ণ মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারত-ফ্রান্স সম্পর্ক নতুন এক শিখরে পৌঁছেছে।
প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ফ্রান্সের সম্পর্ক এখন আর শুধু কূটনৈতিক ও কৌশলগত সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই; সাংস্কৃতিক ক্ষেত্রেও তা নতুন মাত্রা পেয়েছে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রতিরক্ষা, মহাকাশ ও জলবায়ুসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করে এগিয়ে যাচ্ছে।
দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগসূত্রের কথাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, ফ্রান্সের মাটিতে একসময় ভারতীয় সেনারা আত্মত্যাগ করেছেন। একইভাবে ফরাসি পণ্ডিতরা সংস্কৃত ভাষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রম্যাঁ রোলাঁর রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখা এবং শ্রী অরবিন্দ আশ্রমের ‘দ্য মাদার’-এর আধ্যাত্মিক যাত্রাও ভারত ও ফ্রান্সের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সেতুবন্ধন তৈরি করেছে।
মোদি আরও বলেন, প্যারিসের এই মন্দির ‘মেড ইন ইন্ডিয়া, বিল্ট ইন ফ্রান্স’-এর একটি উজ্জ্বল উদাহরণ। ভারতীয় স্থাপত্যশৈলীতে নির্মিত হলেও মন্দিরটির নির্মাণে দুই দেশের আধুনিক প্রকৌশল ও দক্ষতার সমন্বয় ঘটেছে।
তাঁর মতে, মন্দিরটি ইউরোপে ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের পরিচয় বহন করবে এবং ফ্রান্সের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি এটি ভারত-ফ্রান্সের সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে। সুযোগ পেলে তিনি নিজেও মন্দিরটি দর্শনে যাবেন বলে জানান।
প্যারিসের কাছে বুসি-সাঁ-জর্জ এলাকায় নির্মিত মন্দিরটি সম্পূর্ণ ভারতীয় স্থাপত্যরীতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। নির্মাণকাজে ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগ রয়েছে। মন্দিরে ব্যবহৃত পাথরের বড় একটি অংশ ভারত থেকে নেওয়া হয়। সেখানে শিল্পীরা পাথরে সূক্ষ্ম কারুকাজ করার পর সেগুলো ফ্রান্সে নিয়ে গিয়ে মন্দিরের কাঠামো নির্মাণ করা হয়।
মন্দিরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন মহন্ত স্বামী মহারাজ।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.