চ্যানেল ওম নিউজ ডেস্ক

নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা বারবার দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দেশের মানুষের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক বন্ধন অটুট থাকবে যুগের পর যুগ। ধর্মীয় সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় হবে। আমরা একে অপরের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশগ্রহণ করি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করেছে। তিনি বলেন, এই ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।