পুলিশের কাজে বাধা দেওয়া ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের (চন্দন কুমার ধর) জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
রোববার (৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। জামিনের বিষয়টি আইনজীবী নিজেই নিশ্চিত করেছেন।
এর আগে, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা ওই দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। চট্টগ্রামের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। বিচারিক আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর হাইকোর্টে আবেদন করেন চিন্ময়। সেই আবেদনের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। ওই মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
পরে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীদের হট্টগোলকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় পরে নিহত সাইফুল ইসলামের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। ওই মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.