চ্যানেল ওম নিউজ ডেস্ক

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে র‍্যাব।

এর আগে শনিবার চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসেন বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন। রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে তিনি প্রাণ হারান।

জানা গেছে, ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছানোর পর রিকশাযোগে হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে রনজিনা পারভীন রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রধান সন্দেহভাজন প্যারা পনি ও তার সহযোগীকে গ্রেফতারের পাশাপাশি ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে র‍্যাব-২।