পুলক ভট্টাচার্য

গত ২৮ আগস্ট শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বিশ্ববরেণ্য ধ্যানগুরু, কবি, দার্শনিক, চিত্রকর ও শিল্পী এবং চট্টগ্রামের কৃতী সন্তান শ্রী চিন্ময়ের ৯৫তম জন্মোৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

রিমন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শ্রী চিন্ময়ের রচিত সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী আঁখি হালদার ও চট্টগ্রাম শ্রী চিন্ময় সেন্টারের নিয়মিত শিল্পী বুবলি ঘোষ। এ সময় কোরাসে অংশ নেন শতরূপা চৌধুরী, আত্মজা বিশ্বাস ও অশ্মি চৌধুরী।

শ্রী চিন্ময় রচিত কবিতা আবৃত্তি করেন চট্টগ্রাম শ্রী চিন্ময় সেন্টারের সদস্য অনুজা বিশ্বাস, প্রিয়তা পাল, টুম্পা মজুমদার, পলি গুহ ও কিশোর দে।

অনুষ্ঠানস্থলে শ্রী চিন্ময়ের ১৩টি চিত্রকর্ম প্রদর্শন করা হয়। পরে এটিএন নিউজ ও টাইম টিভি নিউইয়র্কের জনপ্রিয় সাংবাদিক ও কবি দিমা নেফারতিতির নির্মিত শ্রী চিন্ময়ের আত্মজীবনীভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ডক্টর মাছুম আহমেদ, চারুকলা ইনস্টিটিউটের প্রফেসর মো. জসিম উদ্দিন এবং বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

পরিশেষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্কটল্যান্ড নিবাসী শান্তিশ্রী ম্যাকগ্রেথ, পরিচালক, শ্রী চিন্ময় সেন্টার চট্টগ্রাম।