চ্যানেল ওম নিউজ ডেস্ক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ধানখেত থেকে চিত্তরঞ্জন সূত্রধর (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, চিত্তরঞ্জনকে হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।

নিহত চিত্তরঞ্জন বাহুবল উপজেলার কাগাউড়া এলাকার মৃত মাখন সূত্রধরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাশডর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাশডর গ্রামের একটি টাওয়ারের পাশে ধানখেতে চিত্তরঞ্জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগের দিন নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এসেছিলেন তিনি।

চিত্তরঞ্জনের স্ত্রী অভিযোগ করেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে তার সৎভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মামলা ও বিরোধও চলমান রয়েছে। ওই বিরোধের জেরে চিত্তরঞ্জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন জানান, মরদেহের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।