চট্টগ্রামের রাউজানে পারিবারিক মনসা মায়ের মন্দিরে ভক্ত সেজে প্রবেশ করে প্রতিমার গয়না চুরির অভিযোগে মুশফিকুর রহমান সিয়াম (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে চুরি যাওয়া গয়নার সিংহভাগ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গয়নার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
শনিবার (২২ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিংহ বাড়ির পারিবারিক মনসা মায়ের মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। গ্রেপ্তার সিয়াম পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মোটর মেকানিক মিজানুর রহমানের ছেলে।
এ ঘটনায় রোববার (২৩ আগস্ট) দুপুরে মন্দিরের প্রতিষ্ঠাতা আশুতোষ সিংহ বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। পরে মামলায় সিয়ামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মন্দিরের পুরোহিত নিয়মিত পূজা-অর্চনা শেষে অল্প সময়ের জন্য পাশের বাড়িতে যান। এ সুযোগে ওই তরুণ মন্দিরে প্রবেশ করে প্রতিমায় অর্পিত গয়না নিয়ে পালিয়ে যায়।
চুরির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন তরুণের অবস্থান শনাক্ত করা হয়। পরে একই দিন সন্ধ্যায় পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া এলাকায় অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের পর সিয়ামের বসতঘরের শয়নকক্ষে থাকা একটি স্টিলের আলমিরায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার গয়নার সিংহভাগ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে এক জোড়া কানের দুল, একটি মাথার টিকলি, একটি লকেট ও দুটি বেলপাতা। এসব স্বর্ণালংকারের মোট ওজন দুই ভরি এক আনা এবং আনুমানিক বাজারমূল্য চার লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া চার ভরি ওজনের রুপার একটি গলার চেইন ও এক জোড়া নূপুর উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার দুপুর ১২টা ১৩ মিনিটের দিকে এক তরুণ হেঁটে এসে মন্দিরের সামনে দাঁড়ায়। এরপর দুই হাত জোড় করে ভক্তির ভঙ্গিতে কিছুক্ষণ এদিক-সেদিক তাকিয়ে মন্দিরের গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করে। প্রায় তিন মিনিট পর সে দ্রুত মন্দির এলাকা ত্যাগ করে।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি তার ঘর থেকে চুরি যাওয়া গয়নাও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পূর্বপরিকল্পিত চুরি বলে ধারণা করছে পুলিশ।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.