রংপুর প্রতিনিধি

রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গীতার জ্ঞান ও ধর্মীয় শিক্ষার প্রসারের লক্ষ্যে মাহিগঞ্জের গোবিন্দ মন্দিরে উদ্বোধন করা হয়েছে ‘গীতা স্কুল’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোরদের হাতে শ্রীমদ্ভগবদ্গীতার বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের ছোটবেলা থেকেই শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করা প্রয়োজন। গীতার জ্ঞান মানুষের মধ্যে সত্য, ন্যায়, কর্তব্যবোধ, মানবিকতা ও নৈতিক জীবনযাপনের শিক্ষা দেয়। গীতা স্কুলের মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটানো সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

গীতা স্কুলে নিয়মিতভাবে শিশুদের গীতা পাঠ, শ্লোক শিক্ষা, গীতার বিভিন্ন শিক্ষার ব্যাখ্যা এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে পাঠদান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী, অভিভাবক, শিশু-কিশোর ও ধর্মপ্রাণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিশুদের হাতে গীতা বই তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, রংপুরের বিভিন্ন এলাকায় গীতার জ্ঞান ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।