শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে তপোবন আশ্রমে ৩ দিনব্যাপী ধর্মীয় আয়োজন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেবকুলে অবস্থিত কেন্দ্রীয় তপোবন আশ্রম ও আর্য ঋষি সনাতনী প্রশিক্ষণ কেন্দ্রে জগৎগুরু পূর্ণব্রহ্ম পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ২৫, ২৬ ও ২৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, ৭, ৮ ও ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে মহতী ধর্মীয় আলোচনা সভা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তন, শ্রীশ্রী গীতা হোমযজ্ঞ, সমবেত উপাসনা, দীক্ষাদান ও মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন রাখা হয়েছে।
আয়োজকরা জানান, শ্রীমা সুরেশ্বরী দেবী ও ঋষিপুত্র আশ্রমাধ্যক্ষ মহারাজজীর কৃপাপূর্ণ প্রেরণায় গুরুমহারাজের স্মরণে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত, সাধু-সন্ন্যাসী ও ধর্মপ্রাণ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
উৎসবের প্রথম দিন ২৫ আগস্ট মঙ্গলবার ব্রহ্মমুহূর্তে পতাকা উত্তোলন ও সমবেত উপাসনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। দুপুরে দীক্ষাদান, বিকেলে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান ‘সুরেশ্বরাঞ্জলী’ ও মহতী ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় থাকবে সন্ধ্যারতি, শ্রীশ্রী গীতা হোমযজ্ঞ, শ্রীশ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস ও সমবেত উপাসনা।
২৬ আগস্ট বুধবার সকাল সাড়ে ৮টায় অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের শুভারম্ভ হবে। সকাল সাড়ে ১০টায় গুরুমহারাজের সমাধিতে পুণ্যস্নান ও পুষ্পিত অলংকরণ করা হবে। দুপুর ১২টা ১ মিনিটে মঙ্গলঘট স্থাপন, সমবেত উপাসনা ও শ্রীশ্রী গীতা হোমযজ্ঞের শুভারম্ভ হবে। এদিন দীক্ষাদান, গুরুমহারাজের রাজভোগ, মহাপ্রসাদ গ্রহণ এবং বিকেল সাড়ে ৪টায় গীতা হোমযজ্ঞের পূর্ণাহুতি অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় থাকবে সন্ধ্যারতি ও সমবেত প্রার্থনা।
২৭ আগস্ট বৃহস্পতিবার উষালগ্নে সমবেত উপাসনার মাধ্যমে শ্রীশ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের পূর্ণাহুতি, বিশ্বমঙ্গল প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিন দিনব্যাপী উৎসবের সমাপ্তি হবে।
এদিন পূর্ণব্রহ্ম শ্রীহরিনাম সংকীর্তন পরিবেশন করবে জগন্নাথ সম্প্রদায়-চট্টগ্রাম, মদনমোহন সম্প্রদায়-চট্টগ্রাম, গুরুভক্তি সম্প্রদায়-সন্দ্বীপ এবং শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়-যশোর।
উৎসবের পৌরহিত্য করবেন কেন্দ্রীয় তপোবন আশ্রমের আশ্রমাধ্যক্ষ শ্রীশ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ।
উৎসব উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তের ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে স্ব-পরিবারে উপস্থিত হয়ে ধর্মীয় অনুষ্ঠান উপভোগ এবং উৎসবের সার্বিক সফলতায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
উৎসবস্থল: কেন্দ্রীয় তপোবন আশ্রম ও আর্য ঋষি সনাতনী প্রশিক্ষণ কেন্দ্র, দেবকুল, দোহাজারী পৌরসভা, চন্দনাইশ, চট্টগ্রাম।
যোগাযোগ:
শ্রী খোকন দাশ বাচ্চু, সভাপতি, উৎসব উদযাপন পরিষদ ২০২৬ — ০১৭১১-১২১২২৪
শ্রী নিমাই লাল দাশ, সাধারণ সম্পাদক — ০১৬৭৮৮৪২০১৫।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.