সঞ্জয় দত্ত
চট্টগ্রামের বাকলিয়ায় দিনের বেলায় একটি বাসার দরজার তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। গত ১৮ই আগস্ট মঙ্গলবার সকাল ৮টার দিকে আবু জাফর রোড এলাকার বাবু চৌধুরীর বিল্ডিংয়ের পঞ্চম তলায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী রাজু দেব জানান, তারা ওই বাসায় মা-ছেলে দুজন বসবাস করেন। মঙ্গলবার ভোরে তিনি মন্দিরে যান। পরে সকাল সাড়ে ৭টার দিকে তার মাও মন্দিরে চলে যান। এ সময় বাসাটি ফাঁকা ছিল। বিকেলে বাড়ির মালিকের ফোন পেয়ে তিনি জানতে পারেন, বাসায় চুরি হয়েছে। পরে বাসায় ফিরে দেখতে পান, ঘরের কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। আলমারি ও শোকেসের পাশাপাশি ঘরের দরজার তালাও ভাঙা পাওয়া যায়। রাজু দেবের দাবি, চোরেরা বাসা থেকে নগদ ১০ হাজার টাকা ও আট আনা স্বর্ণালংকার নিয়ে গেছে। স্বর্ণালংকারের মধ্যে দুটি আংটি রয়েছে। সব মিলিয়ে এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, প্রায় এক বছর আগেও একই বাসায় চুরির ঘটনা ঘটেছিল। পুনরায় দিনের বেলায় চুরির ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।