নয়ন সাধু হত্যাকাণ্ড: সাংবাদিককে হুমকির ঘটনায় জেলা পূজা উদযাপন পরিষদের উদ্বেগ ও নিন্দা
কক্সবাজারের খুরুশকুলে আলোচিত ও চাঞ্চল্যকর সন্ন্যাসী নয়ন সাধু হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পর একজন আসামি গ্রেপ্তার হওয়ায় বর্তমান সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার জেলা শাখা।
একই সঙ্গে নয়ন সাধু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের সংবাদ প্রকাশের জের ধরে পূজা উদযাপন পরিষদ নেতা ও সাংবাদিক অন্তর দে বিশালকে প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, সংবাদ সরিয়ে নেওয়ার চাপ এবং অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৪ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক শ্রী প্রীতম ধর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক অন্তর দে বিশালকে হুমকি দেওয়ার ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো পর্যন্ত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে না পারায় তারা অত্যন্ত উদ্বিগ্ন। প্রশাসনের কর্মকর্তা পরিচয় ব্যবহার করে একজন সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই।
হুমকির ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এমন হুমকি দেওয়া হয়েছে, তা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানিয়েছে পূজা উদযাপন পরিষদ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন সাংবাদিক সত্য অনুসন্ধান ও সংবাদ প্রকাশের কারণে যদি ভয়ভীতি, হুমকি কিংবা মিথ্যা মামলায় ফাঁসানোর আতঙ্কে থাকেন, তাহলে তা শুধু একজন সাংবাদিকের ওপর চাপ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্যও গুরুতর হুমকি।
সাংবাদিকরা সত্য প্রকাশ করতে গিয়ে হুমকির মুখে পড়লে কোনো হত্যাকাণ্ড, অপরাধ কিংবা অনিয়মের প্রকৃত তথ্য সাধারণ মানুষের সামনে স্বাধীনভাবে তুলে ধরা কঠিন হয়ে পড়বে বলেও উল্লেখ করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার জেলা শাখা জানায়, সাংবাদিকের কণ্ঠরোধ কিংবা সংবাদ প্রকাশে বাধা দেওয়ার যেকোনো অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। সাংবাদিক অন্তর দে বিশালকে হুমকি দেওয়ার ঘটনাটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
অনতিবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হুমকিদাতার পরিচয় উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার জেলা শাখা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
একই সঙ্গে নয়ন সাধু হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছে পূজা উদযাপন পরিষদ।
সাংবাদিকরা যাতে ভয়ভীতি ও চাপমুক্ত পরিবেশে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন, রাষ্ট্র ও প্রশাসনকে সেই পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.