চ্যানেল ওম নিউজ ডেস্ক

একজন মায়ের আন্তরিক অনুরোধ যে দ্রুত একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তারই অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি)। ভিসা আবেদন প্রক্রিয়ার দীর্ঘ অপেক্ষার সময় শিশুদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এক মায়ের পরামর্শে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেখানে চালু করা হয়েছে আধুনিক শিশু বিনোদন কেন্দ্র বা ‘চিলড্রেনস কর্নার’।

রোববার (৯ আগস্ট) ওই মা ও তার সন্তানকে সঙ্গে নিয়ে শিশুদের জন্য নির্মিত এই কর্নারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সম্প্রতি আইভিএসি পরিদর্শনে গিয়ে সেখানে ভিসা আবেদন করতে আসা এক মায়ের সঙ্গে কথা বলেন হাইকমিশনার। এ সময় ওই মা তাকে অনুরোধ করেন, ভিসা আবেদনের দীর্ঘ প্রক্রিয়া চলাকালে শিশুদের সময় কাটানোর জন্য যেন একটি নিরাপদ খেলার জায়গার ব্যবস্থা করা হয়।

সাধারণ একজন নাগরিকের এই পরামর্শকে গুরুত্ব দিয়ে দ্রুতই উদ্যোগ নেয় ভারতীয় হাইকমিশন। কয়েক সপ্তাহের মধ্যেই আইভিএসিতে শিশুদের জন্য তৈরি করা হয় এই বিশেষ খেলার ও বিনোদনের স্থান।

উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভিসা প্রত্যাশীরা লাইনে অপেক্ষা করার সময় শিশুদের জন্য একটি নির্দিষ্ট জায়গার প্রয়োজনীয়তার বিষয়টি একজন মায়ের পরামর্শ থেকেই সামনে আসে।

তিনি বলেন, ভারতীয় টুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণার সময় একজন নারী তার কাছে এসে পরামর্শ দিয়েছিলেন—প্রাপ্তবয়স্করা ভিসার জন্য অপেক্ষা করার সময় শিশুদের জন্য একটি খেলার জায়গা থাকা প্রয়োজন। পরামর্শটি তার ভালো লাগে এবং তিনি সেটি বাস্তবায়নের উদ্যোগ নেন।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, নারী, শিশু ও চিকিৎসা ভিসার আবেদনকারীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা তৈরির কাজ করা হবে। এর মূল লক্ষ্য হচ্ছে ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলামুক্ত করা।

ভারতীয় হাইকমিশনারের ভাষ্য অনুযায়ী, উদ্যোগটি ছোট মনে হলেও এটি ভারতের ‘জনমুখী কূটনীতি’ ও সাধারণ মানুষের প্রয়োজনের প্রতি তাৎক্ষণিক সাড়া দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম ভিত্তি দুই দেশের সাধারণ মানুষ এবং তাদের পারস্পরিক বন্ধন বলেও তিনি উল্লেখ করেন।

চলতি বছরের জুলাইয়ে প্রায় দুই বছরের বিরতির পর বাংলাদেশে ভারতীয় টুরিস্ট ভিসা পুনরায় চালু হয়। এর পর ভিসা কার্যক্রম আরও সম্প্রসারণের ঘোষণা দেয় ভারত। আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সেই ধারাবাহিকতায় আইভিএসিতে শিশুদের জন্য এই নতুন সুবিধা যুক্ত করা হলো।

ভিসা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগটি বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকেও প্রশংসা পেয়েছে।

এর আগে জুলাইয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে ভারতীয় হাইকমিশন জানায়, বিভিন্ন প্রয়োজনে ভারতে ভ্রমণ করতে আগ্রহীদের কাছ থেকে পাওয়া ব্যাপক সাড়ায় তারা উৎসাহিত। একই সঙ্গে ভারতীয় হাইকমিশন জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার এবং ভারত ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বকে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।