চ্যানেল ওম নিউজ ডেস্ক

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ আগামী ৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত এই সিনেমার মুক্তির তারিখ ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। কারণ, একই দিনে রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহার জন্মদিন। এ বছর চার বছরে পা দেবে রাহা।

মেয়ের জন্মদিনেই নিজের ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়াকে বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন রণবীর কাপুর। সিনেমাটিতে তিনি ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন।

রণবীর এর আগে জানিয়েছিলেন, এমন একটি ঐতিহাসিক ও শ্রদ্ধেয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে শুরুতে তিনি ভয় ও দ্বিধায় ছিলেন। তার আশঙ্কা ছিল, ভগবান রামের চরিত্রের মর্যাদা ও গভীরতাকে তিনি যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন কি না।

তবে ‘রামায়ণ’-এ কাজ করার অভিজ্ঞতা তার জীবনদৃষ্টিতে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে জানান এই অভিনেতা। তার ভাষ্য, সিনেমাটি তাকে ত্যাগ, দায়িত্ব, ধর্ম ও জীবনের মূল্যবোধ নতুনভাবে উপলব্ধি করতে শিখিয়েছে।

রণবীর আরও বলেন, তার মেয়ে রাহা তাকে একজন আরও ভালো মানুষ হতে সাহায্য করেছে। আর ‘রামায়ণ’ সিনেমাটি তাকে রাহার জন্য আরও ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। এই সিনেমার সঙ্গে যুক্ত হতে পারাকে তিনি নিজের জীবনের এক বড় আশীর্বাদ বলেই মনে করেন।