বন্যার্ত মানুষের পাশে জন্মাষ্টমী উদযাপন পরিষদ, দুর্গাপূজা পরিষদ ও সনাতনী সমাজ
টানা বর্ষণ, সাঙ্গু নদীর পানি বৃদ্ধি এবং পাহাড়ধসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ এবং সনাতনী সমাজের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন। মানবিক এই উদ্যোগে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আয়োজকদের উদ্যোগে কালাঘাটাস্থ শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির (ইসকন), বান্দরবানের মাধ্যমে প্রতিদিন আশ্রয়কেন্দ্রে থাকা দুর্গত মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হচ্ছে।
জানা যায়, টানা ১২ দিনের অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। পাহাড়ধস ও আকস্মিক বন্যায় বহু পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়। অনেকের ঘরবাড়ি, ফসল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
এই মানবিক কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেছে শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ–২০২৫। পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ (বিপ্লব) ও সাধারণ সম্পাদক সবুজ দত্ত (বাচ্চু) দ্বিতীয় ধাপে বন্যার্তদের জন্য অনুদান প্রদান করেন।
এছাড়া শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ–২০২৫-এর সভাপতি রিটল বিশ্বাস, সাধারণ সম্পাদক অলক ধর এবং সুমন দাশও ত্রাণ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। মানবসেবাকেই প্রকৃত ধর্ম হিসেবে ধারণ করে ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর এমন মানবিক কার্যক্রম বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের মতে, দুর্যোগ মোকাবিলায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।
দুর্যোগের এই সময়ে বান্দরবানের সনাতনী সমাজের মানবিক উদ্যোগ শুধু বন্যার্ত মানুষের কষ্ট লাঘবেই নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং মানবকল্যাণের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও প্রশংসিত হচ্ছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.