সীতাকুণ্ড শ্রাইন কমিটির কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে আলোচনা
ঢাকা: সীতাকুণ্ড শ্রাইন কমিটির অধীনে পরিচালিত বিভিন্ন তীর্থধামের সার্বিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন এবং বিদ্যমান সমস্যার সমাধানে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় চন্দ্রনাথ ধামের তপস্বী শ্রী চৈতন্য রামানন্দ পুরী মহারাজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদল তীর্থধামগুলোর বর্তমান অবস্থা, ব্যবস্থাপনার বিভিন্ন সীমাবদ্ধতা এবং ভক্তদের সেবায় বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে।
সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান বাবু রমেশ দত্ত, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, কল্যাণ ফ্রন্টের নেতা বাবু দে-সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় তীর্থধামগুলোর সুষ্ঠু পরিচালনা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের জন্য উন্নত সেবার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও অনিয়ম পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
প্রতিনিধিদল আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর উদ্যোগ নিলে চন্দ্রনাথ ধামসহ সীতাকুণ্ডের অন্যান্য তীর্থধামের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.