চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক হৃদয়বিদারক পারিবারিক ঘটনায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবা নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ছেলে রোমিও দাশ গুপ্তকে (৪২) নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। স্বজনদের দাবি, তাদের একমাত্র ছেলে রোমিও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে রোমিও তার মা-বাবাকে নিয়ে বাইরে যান। পরে বাড়িতে ফিরে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মায়ের ওপর হামলা চালান। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।
চিৎকার শুনে স্বজনেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে কল্পনা দাশকে মৃত অবস্থায় পান। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রোমিও দাশ গুপ্তকে আটক করেছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.