নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দিরের ভক্ত পরিচয় দিয়ে চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় এক বাসা থেকে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে সরোয়ার সরদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাঁর কাছ থেকে আত্মসাৎ করা অধিকাংশ স্বর্ণালংকার, নগদ টাকা, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে খুলশী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সরোয়ার সরদারের বাড়ি ঝালকাঠী সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকায়। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বদ্দারহাট এলাকায় বসবাস করতেন।
মামলার তথ্য অনুযায়ী, বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে খুলশী থানার আমবাগান আবহাওয়া অফিসের দক্ষিণ পাশে ক্যাপ্টেন সাহেবের বিল্ডিংয়ের নিচতলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী অজিত ঘোষ (৬০) খুলশী থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি বাসার কলিং বেল বাজিয়ে নিজেকে নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দির থেকে আসা ‘লোকনাথ বাবার ভক্ত’ হিসেবে পরিচয় দেন। পরে ‘জয় বাবা লোকনাথ’ বলে ভক্তিভাব প্রদর্শন করে প্রথমে ১১ টাকা এবং পরে কিছু চাল চান। এভাবে ধাপে ধাপে ভুক্তভোগী দম্পতির আস্থা অর্জনের পর সুযোগ বুঝে প্রায় ২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে কৌশলে সেখান থেকে চলে যান।
ঘটনার পরপরই তদন্তে নামে খুলশী থানা পুলিশ। উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোহেল পারভেজের সার্বিক তত্ত্বাবধানে, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ঘটনার মাত্র ১৪ ঘণ্টার মধ্যে নগরের কোতোয়ালী থানার হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে সরোয়ার সরদারকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে তিন জোড়া স্বর্ণের কানের দুল, একটি সীতাহারের পাঁচটি অংশ, একটি স্বর্ণের লকেট, গলানো স্বর্ণ, দুটি মোবাইল ফোন, ১৪ হাজার টাকা এবং একটি মেরুন রঙের ছাতা উদ্ধার করা হয়েছে।
খুলশী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। প্রতারণার ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.