বরিশাল প্রতিনিধি

রথযাত্রা উৎসব উপলক্ষে শ্রীশ্রী রাধা শ্যামসুন্দর মন্দির (ইসকন), বরিশালের উদ্যোগে গীতা স্কুল বরিশাল অঞ্চলের বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মন্দিরের সম্পাদক শ্রীপাদ বলদেব বলরাম দাস ব্রহ্মচারীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের প্রায় অর্ধশতাধিক গীতা স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় গীতা পাঠ, বর্ণপরিচয়, চিত্রাঙ্কন, ছবিতে রং করা, কুইজ, বক্তৃতা এবং পৌরাণিক সাজসহ বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে গোপী ড্রেস, পাঞ্জাবি ও চিত্রপটসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল সনাতনী ঐক্য মহাসংঘ। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সনাতন ধর্মীয় সংস্কৃতি বিকাশের লক্ষ্যেই প্রতিবছরের ন্যায় এ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও ভক্তদের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।