দুর্যোগে মানবতার দৃষ্টান্ত: বান্দরবানের বন্যার্ত মানুষের পাশে টানা ৫ দিন ইসকন মন্দির
পার্বত্য জেলা বান্দরবানে টানা ১২ দিনের অতিবৃষ্টি ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। পানিবন্দি হয়ে অসংখ্য পরিবার নিজ বাড়িঘর ছেড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়।
এই দুর্যোগময় সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় কালাঘাটাস্থ শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির (ইসকন), বান্দরবান। মন্দিরের উদ্যোগে টানা পাঁচ দিন ধরে আশ্রয়কেন্দ্রে থাকা বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। প্রতিদিন হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, যা দুর্গত মানুষের মাঝে স্বস্তি এনে দেয়।
এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করে শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ–২০২৫। পরিষদের সভাপতি শ্রীমান রাজেশ্বর দাশ (বিপ্লব) ও সম্পাদক শ্রীমান সবুজ দত্ত (বাচ্চু) দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার নিদর্শন হিসেবে অনুদান প্রদান করেন।
এছাড়া শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ–২০২৫-এর সভাপতি শ্রীমান রিটল বিশ্বাস এবং সম্পাদক শ্রীমান অলক ধর এবং শ্রীমান সুমন দাশও এই মানবিক উদ্যোগে আর্থিক সহযোগিতা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মানবিক এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। দুর্যোগের সময় সমাজের বিভিন্ন ব্যক্তি সংগঠনের এ ধরনের সহমর্মিতাপূর্ণ উদ্যোগ দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.