‘বর্ণিল হোক মানবতার পৃথিবী’ এই স্লোগানকে ধারণ করে সামাজিক সংগঠন বর্ণ সংঘ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রতি বছরের মতো এবারও মানবিক কার্যক্রম পরিচালনা করলেও, রথযাত্রা উপলক্ষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে বন্যার্তদের সহায়তাকে অগ্রাধিকার দেয় সংগঠনটি। সম্প্রতি চট্টগ্রামে টানা ভারী বৃষ্টি ও বন্যার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় বহু মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নেয় বর্ণ সংঘ। এরই ধারাবাহিকতায় গত ১৭ জুলাই শুক্রবার সংগঠনের সদস্যরা সাতকানিয়ার দক্ষিণ রামপুর (১নং ওয়ার্ড, সাতকানিয়া পৌরসভা, চট্টগ্রাম) এলাকায় পৌঁছে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টিরও বেশি পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে সঞ্চালনা করেন অঙ্কন ধর। সভাপতিত্ব করেন রামপুর আরোহন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আশীষ ধর। এ সময় উপস্থিত ছিলেন বর্ণ সংঘের উপদেষ্টা ডাঃ অপূর্ব ধর, সভাপতি দীপংকর সেন, সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত, আহ্বায়ক পুলক ভট্টাচার্য সুজয়, সদস্য সচিব ঋত্বিক তালুকদার, সোনাকানিয়া বণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাস্টার আনন্দ মোহন ধর এবং সমাজকর্মী মিন্টু ধর। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সীমিত সামর্থ্য নিয়েও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে এই ক্ষুদ্র উদ্যোগ আরও বৃহৎ মানবিক কার্যক্রমে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ জন্য সমাজের সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছে বর্ণ সংঘ।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.