রংপুর প্রতিনিধি

রংপুর সদর উপজেলার গঙ্গাচড়া এলাকার চন্দনের হাটে শিব মন্দির গীতা নিকেতন-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গীতা শিক্ষা ও সনাতনী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শ্রী নিমাই চন্দ্র রায় সর্দার বলেন, শিশু-কিশোরদের নৈতিক, মানবিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করাই গীতা নিকেতন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। তিনি সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী মানিক কুমার রায়, শ্রী সজিব চন্দ্র রায়, শ্রী প্রকাশ চন্দ্র রায় (প্রীতম), শ্রী মিঠুন রায় (সাগর) এবং শ্রী দিনোবন্ধু রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বীরা।

বক্তারা বলেন, গীতা শিক্ষা কেবল ধর্মীয় জ্ঞানই নয়, বরং মানবিকতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আশা প্রকাশ করেন, শিব মন্দির গীতা নিকেতন ভবিষ্যতে এলাকার শিশু-কিশোরদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।