ফেনীর ফুলগাজী উপজেলায় একটি শতবর্ষী মন্দির ভাঙচুরের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার (বিকেল) উপজেলার বণিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বণিকপাড়ায় প্রায় শতবর্ষ আগে প্রতিষ্ঠিত ‘দোল মন্দিরে’ দীর্ঘদিন ধরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা-অর্চনা করে আসছেন।
অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে মন্দিরের জায়গা নিজেদের দাবি করে সেটিকে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে সজীব বণিক, স্বরূপ বণিক, ঝুমুর বণিক, নুপুর বণিক ও রূপায়ন বণিক স্থানীয় কয়েকজনকে নিয়ে মন্দিরের একটি অংশ ভাঙতে শুরু করেন।
এ সময় মন্দিরের দেখাশোনার দায়িত্বে থাকা পরিবারের সদস্য ও স্থানীয়রা বাধা দিলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সঞ্জিব বণিক। এছাড়া অপূর্ব বণিক, রত্না বণিক, শিল্পী চৌধুরীসহ আরও কয়েকজন আহত হন। স্বজনদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্য জিনা বণিক বাদী হয়ে সজীব বণিক, স্বরূপ বণিকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা শুভাস বণিক জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মন্দিরের জায়গা দখলের চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে তারা বণিক পরিবারের সদস্যদের নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতেন। শনিবার দুপুরে কয়েকজন মন্দিরের পেছনের অংশ ভাঙতে শুরু করলে সঞ্জিব বণিক বাধা দেন। এ সময় প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে সজীব ও স্বরূপ দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা চালান। তার দাবি, হামলাকারীরা বণিক পরিবারের সদস্যদের কুপিয়ে আহত করার পাশাপাশি শতবর্ষী মন্দিরটির একটি অংশ ভেঙে ঘটনাস্থল ত্যাগ করেন।
আহতদের প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের ভাষ্য, তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.