চ্যানেল ওম নিউজ ডেস্ক

ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মিনিস্টারের পদমর্যাদা প্রদান করেছে। এর ফলে তার বর্তমান কূটনৈতিক দায়িত্বে আরও মর্যাদা ও গুরুত্ব যুক্ত হলো। এ বিষয়ে বুধবার (২৪ জুন) একটি সরকারি পরিপত্র জারি করেছে ভারত সরকার।

দীনেশ ত্রিবেদী বর্তমানে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের এপ্রিলে তার নিয়োগ ঘোষণা করা হয়। পরে ১২ জুন তিনি সহধর্মিণীকে সঙ্গে নিয়ে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর হয়ে ঢাকায় পৌঁছান।

১৯৫০ সালের ৪ জুন জন্মগ্রহণকারী দীনেশ ত্রিবেদীর বর্তমান বয়স ৭৬ বছর। গুজরাটি পরিবারে জন্ম হলেও কলকাতায় বেড়ে ওঠার কারণে তিনি বাংলা ভাষায় সাবলীল। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।

রাজনৈতিক জীবনে তিনি প্রথমে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। তিনি ব্যারাকপুর আসন থেকে লোকসভার সদস্য এবং রাজ্যসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং রেলমন্ত্রী (কেবিনেট র‍্যাঙ্ক) হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্লেষকদের মতে, হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কেবিনেট মর্যাদা তাকে অতিরিক্ত প্রভাব ও কূটনৈতিক সুবিধা প্রদান করবে। ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে এই দায়িত্বে নিয়োগ এবং তাকে কেবিনেট মর্যাদা প্রদানকে ভারতের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকায় দায়িত্ব গ্রহণের পর দীনেশ ত্রিবেদী দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন। শিগগিরই তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন।