চট্টগ্রাম প্রতিনিধি
সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে চট্টগ্রাম মহানগরের ৩নং ওয়ার্ডের হরিপুর এলাকায় এবার প্রথমবারের মতো নতুন রথে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ জুলাই রশিক ঠাকুর আচার্য্য বাড়ি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগন্নাথদেবের ১০ম রথযাত্রা উৎসব-২০২৬।
আয়োজক কমিটি জানায়, রথযাত্রা উৎসবকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বছর প্রথমবারের মতো হরিপুর এলাকায় নতুন রথ নির্মাণ করে জগন্নাথ, বলদেব ও শুভদ্রার রথযাত্রা আয়োজন করা হচ্ছে, যা স্থানীয় সনাতনী সমাজের জন্য একটি ঐতিহাসিক ও আনন্দঘন আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ২৯ জুন স্নানযাত্রার মধ্য দিয়ে। এদিন সকাল ১০টায় শুভারম্ভের পর পদাবলী কীর্তন, মহাভিষেক, গজবেশ ও পদ্মবেশ দর্শন অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হবে।
রথযাত্রা দিবস ১৬ জুলাই সকাল ৯টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর ধর্মীয় সংগীত, নৃত্যানুষ্ঠান, শ্রীমদ্ভাগবদ্গীতা পাঠ এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকবে। দুপুর ২টায় শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজের শুভাগমন ও বরণ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রার বিগ্রহ রথারোহণের মাধ্যমে মহাশোভাযাত্রা শুরু হবে।
আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে বিকেল ৩টায় পুনরায় শ্রীবিগ্রহগণের রথারোহণ ও মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, উৎসবের প্রতিটি পর্বে ভক্তবৃন্দ রথের সঙ্গী হয়ে সমবেত প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এতে সকল ধর্মপ্রাণ সনাতনী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে স্বপরিবারে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
উৎসবটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বায়েজিদ থানাধীন নয়ারহাটের রশিক ঠাকুর আচার্য্য বাড়ি, হরিপুরে। পাশাপাশি নতুন রথ নির্মাণ ও উৎসব সফল করতে ভক্ত ও শুভানুধ্যায়ীদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ রথযাত্রা উদযাপন কমিটি।
০১৮৮৬-৬৫৮৪৬৩ (বিকাশ)
০১৮১৯-৮৮৭৬২৮ (নগদ, রকেট, উপায়)।
উৎসব
চট্টগ্রামের ৩নং ওয়ার্ড হরিপুরে প্রথমবারের মতো রথ নিয়ে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
June 17, 2026
28 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.