অমাবস্যা পূজার মধ্য দিয়ে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নতুন কমিটির শপথ গ্রহণ
পবিত্র অমাবস্যা তিথিকে কেন্দ্র করে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মায়ের চরণে বিশেষ অমাবস্যা পূজা ও প্রার্থনা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে সংঘের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য দিলীপ দাস নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণকালে সদস্যরা সংঘের আদর্শ, মানবসেবা, ধর্মীয় কার্যক্রমের প্রসার এবং সাংগঠনিক উন্নয়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ভক্তিময় ও আধ্যাত্মিক আবহ। পূজা, আরতি, ধর্মীয় আলোচনা ও প্রার্থনা শেষে উপস্থিত ভক্ত ও পুণ্যার্থীদের মাঝে মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে সংঘের সদস্য, শুভানুধ্যায়ী ও বিপুল সংখ্যক ভক্ত অংশগ্রহণ করেন।
ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজ ঘোষ রান্টু, সহ-সভাপতি রাকেশ পাশি, সাধারণ সম্পাদক পুতুল ঘোষ, সহ-সাধারণ সম্পাদক বাঁধন দত্ত ও টুম্পা মজুমদার।
এছাড়া সাংগঠনিক সম্পাদক রিপন ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন চৌহান, দপ্তর সম্পাদক খোকন চন্দ্র দাস, সহ-দপ্তর সম্পাদক অমিত চৌহান, কোষাধ্যক্ষ তারা গোয়ালা, সহ-কোষাধ্যক্ষ অমর চাঁদ দাস, প্রচার সম্পাদক সবুজ দত্ত, সহ-প্রচার সম্পাদক দীপ্ত সরকার, প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজু চৌহান, মহিলা বিষয়ক সম্পাদিকা ছবি দাস ও মুন্নি ঘোষ এবং মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা স্মৃতি গৌড় দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেন, জগৎজননী মা আদ্যাশক্তির অসীম কৃপায় নবগঠিত কমিটি সংঘের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবে এবং ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে নবগঠিত কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল সদস্য, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সংঘের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.