চ্যানেল ওম নিউজ ডেস্ক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব গুজরা সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে গভীর রাতে সংঘটিত চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পূজার কাজে ব্যবহৃত পিতলের ঘট, কাঁসা-পিতলের বিভিন্ন সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত পরিচয়ের চোরচক্র মন্দিরে প্রবেশ করে এ ঘটনা ঘটায়। পরদিন সকালে মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় ভক্তরা মন্দিরে এসে প্রধান ফটকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে তারা বেশ কিছু প্রয়োজনীয় ও মূল্যবান সামগ্রী নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত হন।
ঘটনার পর স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সনাতনী জনগণ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.