চ্যানেল ওম নিউজ ডেস্ক
গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রী রামচন্দ্রের নির্মাণাধীন বিগ্রহ স্থাপনকে কেন্দ্র করে বাধা প্রদান ও বিক্ষোভ কর্মসূচির সময় রামের ছবিকে অবমাননার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোমরপুর হাঁসবাড়ী এলাকার রাধাগোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে নির্মাণাধীন ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহকে ঘিরে সম্প্রতি কিছু ব্যক্তি ও অজ্ঞাতনামা আন্দোলনকারীর কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসম্মুখে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়।
এ ঘটনায় আন্দোলনের সময় ব্যবহৃত ব্যানারে থাকা ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিকৃতির ওপর জুতা নিক্ষেপসহ অবমাননাকর আচরণের অভিযোগ আনা হয়েছে জিডিতে। অভিযোগকারীর দাবি, এ ধরনের কার্যকলাপ ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, জনমনে উত্তেজনা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঝুঁকি তৈরি করতে পারে।
এ বিষয়ে পলাশবাড়ী থানায় দায়ের করা জিডির নম্বর ৫৮০ এবং ট্র্যাকিং নম্বর TD8WBI। জিডিটি দায়ের করেন সনাতনী সংগঠক, মানবাধিকার কর্মী ও সমাজসেবক টিম্পল পাল নিশান।
জিডিতে আরও উল্লেখ করা হয়, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে প্রচলিত আইনের আওতায় এনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি বিষয়টি নথিভুক্ত করে ভবিষ্যৎ আইনি প্রক্রিয়ার জন্য সংরক্ষণেরও আবেদন জানানো হয়েছে।
জিডি গ্রহণের পর পলাশবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে জিডি দায়েরের পর প্রতিক্রিয়ায় টিম্পল পাল নিশান বলেন, সনাতন ধর্মাবলম্বীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা শান্তিপূর্ণভাবে ন্যায়বিচার চান। তাঁর দাবি, ধর্মীয় অবমাননার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
তিনি আরও বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষের ধর্মীয় মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো ধর্মীয় প্রতীক বা বিশ্বাসের অবমাননা গ্রহণযোগ্য নয়। আমরা চাই আইন অনুযায়ী বিচার হোক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক।”
তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগটি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ
শ্রীরামের ছবি অবমাননার অভিযোগে পলাশবাড়ী থানায় জিডি, দোষীদের শাস্তি চান টিম্পল পাল নিশান
June 14, 2026
43 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.