চ্যানেল ওম নিউজ ডেস্ক

বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রীতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে ঢাকায় থেকে পড়াশোনা করেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই থাকতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে খাবার শেষে স্বামী-স্ত্রী আলাদা কক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে দরজায় জোরে ধাক্কার শব্দে বিধান চন্দ্র রায়ের ঘুম ভাঙে। একই সময় পাশের ঘর থেকে স্ত্রীর গোঙানির শব্দ শুনে তিনি দ্রুত সেখানে গিয়ে রীতা রানীকে গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলেও ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘরের সদর দরজা খোলা অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।