চ্যানেল ওম নিউজ ডেস্ক
নড়াইল সদর উপজেলার একটি নামযজ্ঞের মেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পূর্বা সোম (২১) নামে এক কলেজছাত্রী আহত হয়েছেন। রোববার (১৭ মে) রাত পৌনে ১২টার দিকে পঙ্কবিলা সার্বজনীন পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।
আহত পূর্বা সোম বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সদর উপজেলার ভাওয়াখালী এলাকার পরিতোষ সোমের মেয়ে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পঙ্কবিলা সার্বজনীন পূজা মণ্ডপে তিনদিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যান পূর্বা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার আগে মন্দির প্রাঙ্গণে বসা মেলায় ঘুরছিলেন তিনি।
একপর্যায়ে একটি দোকানে দাঁড়িয়ে পান কেনার সময় ভিড়ের মধ্য থেকে এক দুর্বৃত্ত পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, কোমরের পেছনের দিকে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হলেও বর্তমানে পূর্বা শঙ্কামুক্ত রয়েছেন।
পূর্বার বাবা পরিতোষ সোম বলেন, “পরিবারের সবাইকে নিয়ে নামযজ্ঞ অনুষ্ঠানে গিয়েছিলাম। হঠাৎ পেছন থেকে আমার মেয়েকে ছুরি মারা হলো। ধর্মীয় অনুষ্ঠানে এমন ঘটনা কখনো কল্পনা করিনি।”
তিনি আরও জানান, প্রায় তিন মাস আগে দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকেও দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছিল। বাবার পর মেয়ের ওপর হামলার ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ড জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.