চ্যানেল ওম নিউজ ডেস্ক

পটুয়াখালীর গলাচিপায় দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাই কর্মকার (১৬) গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণির ছাত্রী। তিনি স্থানীয় ব্যবসায়ী মন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়া শেষে বাসায় ফিরে নিজ কক্ষে যায় রাই। কিছু সময় পর পরিবারের সদস্যরা দোতলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও এ বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি।

গলাচিপা থানার তদন্ত কর্মকর্তা ঝিলন সিকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।