চ্যানেল ওম নিউজ ডেস্ক
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা। কবি সুকান্ত ভট্টাচার্য-এর পৈতৃক ভিটায় আয়োজিত এ মেলাকে ঘিরে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিন দিনের এ আয়োজনে থাকবে আবৃত্তি, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন শিল্পীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা।
ধারাবাশাল আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও কবি মিন্টু রায় বলেন, প্রতি বছর সুকান্ত মেলাকে ঘিরে দেশবরেণ্য কবি, লেখক ও সাহিত্যিকদের মিলনমেলা বসে। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি সাহিত্য আড্ডাও এ মেলার অন্যতম আকর্ষণ।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক জানান, মেলার সকল প্রস্তুতি শেষ হয়েছে। ভবিষ্যতে কবি সুকান্তের স্মৃতিকে আরও বর্ণাঢ্যভাবে তুলে ধরার পাশাপাশি তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বিদ্রোহ ও শোষণবিরোধী চেতনায় সমৃদ্ধ কবিতার জন্য বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছেন সুকান্ত ভট্টাচার্য। ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে জন্ম নেওয়া এই কবি ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। যদিও তাঁর জন্ম কলকাতায়, তবে পৈতৃক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়ার উনশিয়া গ্রামে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.