লন্ডনে পুনরায় কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান অজন্তা দেব রায়। ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয় পান তিনি।
এর আগে ২০২৪ সালের উপনির্বাচনে প্রথমবারের মতো ওই কাউন্সিলে একজন বাঙালি নারী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন অজন্তা দেব রায়।
তিনি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের শিক্ষানুরাগী সমাজকর্মী জ্যোতির্ময় দেব রায় ও গৃহিণী রমা রানী দেবের জ্যেষ্ঠ কন্যা।
জানা যায়, দেশে থাকাকালীন ২০০১ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অজন্তা। সিলেটের মুরারি চাঁদ কলেজে অধ্যয়নরত অবস্থায় ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। পরে ২০১১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান।
যুক্তরাজ্যে তিনি ইউনিভার্সিটি অব চেস্টারশায়ার থেকে এমবিএ এবং সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পলিটিক্স, রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবনের পাশাপাশি মানবাধিকারকর্মী হিসেবেও সক্রিয় ছিলেন অজন্তা দেব রায়। পরবর্তীতে তিনি যুক্ত হন লেবার পার্টির রাজনীতিতে এবং মূলধারার রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন।
২০২৪ সালের ডিসেম্বরে ভিলেজ ওয়ার্ডে দুই কাউন্সিলরের মৃত্যুজনিত কারণে অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন। সর্বশেষ ৭ মে’র নির্বাচনে আবারও জয়ী হয়ে নতুন মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।
ব্যক্তিগত জীবনে অজন্তা দেব রায় দুই সন্তানের জননী।
মেয়ের এ সাফল্যে আনন্দ প্রকাশ করে তার বাবা জ্যোতির্ময় দেব রায় বলেন, “আগামী পাঁচ বছরের জন্য কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। সে যেন সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে—সবার কাছে সেই দোয়া চাই।”
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.