বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রামে অবস্থিত প্রায় সাড়ে তিনশ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী আদি নিমকালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় মন্দিরের স্বর্ণালংকার ও পূজার সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঁশখালী থানা পুলিশ।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বাঁশখালী পূজা উদযাপন কমিটির সদস্য সচিব মিন্টু কান্তি পাল জানান, আনুমানিক ১৭১০ খ্রিষ্টাব্দে তৎকালীন জমিদার রাম সুন্দর শর্মা এই মন্দির প্রতিষ্ঠা করেন। লোকমুখে প্রচলিত আছে, স্বপ্নাদেশ পেয়ে তিনি মানিক পাঠান গ্রামের সোনাইছড়ি খাল থেকে ভেসে আসা নিম কাঠ দিয়ে মা কালীর প্রতিমা নির্মাণ করেছিলেন। পরে এক সন্ন্যাসীর মাধ্যমে সেখানে পূজার্চনা শুরু হয়। সেই থেকে মন্দিরটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে পবিত্র ও ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত।
তিনি আরও বলেন, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় উপাসনা শেষে মন্দিরের কর্মচারীরা তালা বন্ধ করে চলে যান। পরে গভীর রাতে দুর্বৃত্তরা মূল ফটকের তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে। এরপর গর্ভগৃহে ঢুকে প্রতিমার শরীরে থাকা আনুমানিক ৫ ভরি স্বর্ণালংকার এবং পূজার কাজে ব্যবহৃত কাঁসা-পিতলের সামগ্রী চুরি করে নিয়ে যায়।
মন্দিরে নিয়মিত বাল্যভোগ করা কার্তিক পাল জানান, প্রায় ৩১৬ বছরের পুরোনো এই মন্দিরে আগে কখনো চুরির ঘটনা ঘটেনি। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে মন্দিরে এসে তিনি তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি মন্দির কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রবাস পাল বলেন, রাত ১২টা থেকে ৩টার মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরিকল্পিতভাবে তালা ভেঙে গর্ভগৃহে প্রবেশ করে চোরের দল মূল্যবান স্বর্ণালংকার ও পূজার সামগ্রী নিয়ে যায়।
রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাকসী জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দিরের প্রবেশপথের তালা ভেঙে চুরি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.