চ্যানেল ওম নিউজ ডেস্ক
সংখ্যালঘু হিসেবে বিবেচিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, সকল মত ও ধর্মের মানুষের জন্য বাংলাদেশকে নিরাপদ আবাসভূমি হিসেবে তুলে ধরতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক চিত্র বিশ্ব দরবারে পৌঁছানো জরুরি।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, দেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা রয়েছে, তা প্রতিহত করতে হলে সম্প্রীতির বাস্তব চর্চা আরও জোরদার করতে হবে। এতে করে ভারতের নির্বাচন-পরবর্তী বিভিন্ন আশঙ্কাও কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনমনে এ বিষয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং অপরাধের হার পূর্ববর্তী সময়ের তুলনায় বেড়েছে বলে আলোচনা রয়েছে।
উপজেলার সেবামূলক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তিনি কঠোর অবস্থান তুলে ধরে বলেন, এসব প্রতিষ্ঠানকে অবশ্যই জনমুখী হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো দালালচক্রের স্থান থাকবে না এবং নাগরিক অধিকার নিশ্চিতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, পর্যাপ্ত প্রস্তুতির অভাবেই এ সংকটের সৃষ্টি হয়েছে। নতুন সরকার গঠনের পর প্রস্তুতির ঘাটতির কারণে ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয়, যার সুযোগে একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে বলেও দাবি করেন তিনি।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সড়ক অবকাঠামো নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। এছাড়া উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.