চ্যানেল ওম নিউজ ডেস্ক
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে পশু চিকিৎসক ডাঃ অনিমেষ পরামান্য নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় জনসাধারণের মধ্যে। একইসঙ্গে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে এ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। জননিরাপত্তা নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নিখোঁজ ডাঃ অনিমেষ পরামান্য বৈশখালী গ্রামের মৃত নিতাই পরামান্যর ছেলে। গত ২ মে সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
শনিবার রাত থেকেই তার নিখোঁজের খবর ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। স্থানীয় বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইল থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে শত শত পোস্ট করা হচ্ছে। নেটিজেনরা ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে সামাজিক অস্থিরতা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তারা প্রযুক্তির সহায়তায় দ্রুত তার অবস্থান শনাক্তের দাবি জানিয়েছেন।
এদিকে, এলাকাবাসী ও স্থানীয় জনতা পুলিশের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন। তাদের প্রধান দাবিগুলো হলো— নিখোঁজের পরিবারের পাশে দাঁড়িয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা, যে নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়েছে এবং ডাঃ অনিমেষের ব্যবহৃত মোবাইল নম্বর ট্র্যাক করে অপরাধীদের শনাক্ত করা, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।
পরিবার সূত্রে জানা গেছে, অজ্ঞাত নম্বর থেকে ফোন আসার পর তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ২০ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই। এখন তারা সম্পূর্ণভাবে প্রশাসনের সহযোগিতার ওপর নির্ভর করছেন।
শ্যামনগর থানা পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাকে উদ্ধারে সম্ভাব্য সব ধরনের প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা সতর্ক করে বলেছেন, ডাঃ অনিমেষকে দ্রুত ও সুস্থভাবে উদ্ধার করা না হলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.