ত্রিপুরার ধলাই জেলায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রাণী হত্যা ও মাংস বিক্রি নিষিদ্ধ
ত্রিপুরা রাজ্যের ধলাই জেলায় বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার লংতরাই ভ্যালী মহকুমা প্রশাসন ১লা মে এই পবিত্র দিন উপলক্ষে প্রাণী হত্যা ও মাংস বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে।
মহকুমা শাসক (এসডিএম) কর্তৃক জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, সরকারি ছুটির পাশাপাশি ওই দিন খোলা বাজারসহ যেকোনো স্থানে প্রাণী জবাই ও মাংস বিক্রি করা যাবে না। ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসবকে মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রশাসন আরও জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালিত বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনেই গৌতম বুদ্ধ-এর জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল।
এদিকে, ধলাই জেলার প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। তাদের মতে, এমন সিদ্ধান্ত ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।
অন্যদিকে, বাংলাদেশ বৌদ্ধ সমাজ সংস্কার ও কল্যাণ সংঘের পক্ষ থেকেও এ উদ্যোগকে অভিনন্দন ও মৈত্রীময় শুভেচ্ছা জানানো হয়েছে। তারা এই পদক্ষেপকে মানবিক মূল্যবোধ ও ধর্মীয় সহাবস্থানের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.