চ্যানেল ওম নিউজ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হয়েছে বিচ্ছিন্ন সংঘাত ও সহিংসতার মধ্য দিয়ে। দিনভর বিভিন্ন জায়গায় উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়া ভোট সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে ২৯৪ আসনে মোট ভোট পড়েছে ৯০ শতাংশেরও বেশি—যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ।
বুধবার (২৯ এপ্রিল) নিজ আসনের বিভিন্ন বুথ পরিদর্শনে বের হন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুর আসনে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কালীগঞ্জ এলাকায় গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে তার সমর্থকদের উত্তেজনা তৈরি হয়। “চোর-চোর” স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এসময় উভয় পক্ষের কর্মীদের “জয় বাংলা” ও “জয় শ্রীরাম” স্লোগানে বাড়ে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ লাঠিচার্জ করে। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল বহিরাগতদের এনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে এবং নির্বাচনে কারচুপির আশ্রয় নিয়েছে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বিজেপি। তিনি দাবি করেন, ভোটের আগের রাত থেকেই তৃণমূলের কর্মী-সমর্থকদের ওপর ধরপাকড় চালানো হয়েছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে। তার ভাষায়, “এভাবে গণতন্ত্র চলতে পারে না।”
নির্বাচন ঘিরে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাসহ কয়েকটি জেলায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে বিচ্ছিন্ন এসব ঘটনা ছাড়া সামগ্রিকভাবে ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ২০১১ সালের রেকর্ড ভেঙে এবারই সর্বোচ্চ সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.