চ্যানেল ওম নিউজ ডেস্ক
সাতক্ষীরার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে গহনা ছিনিয়ে নিতে এক নারী দোকানীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাথা ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়।
রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় সোমবার (২৭ এপ্রিল) দুপুর পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। এমনকি মামলা পর্যন্ত না হওয়ায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় লাবসা ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল জানান, সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে গহনা ছিনতাইয়ের ঘটনায় বীথিকা রানী সাধু (৪৫) নামে এক নারী দোকানীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনার দীর্ঘ সময় পেরুলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ, এমনকি মামলা পর্যন্ত রেকর্ড হয়নি।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, এখনও পর্যন্ত ঘটনার কোনো ক্লু পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি, মামলাও হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন।
নিহত বীথিকা রানী সাধু দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী। তার ছেলে কার্তিক সাধু জানান, তিনি এখনও থানায় মামলা প্রদানের জন্য সকাল থেকে থানায় বসে আছেন।
স্থানীয় লাবসা ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল বলেন, বীথিকা রানী মাগুরা সাধুকাপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি মাগুরা বৌবাজার এলাকায় একটি মুদিখানা দোকান পরিচালনা করতেন।
পরিবারের বরাতে মানবাধিকার সংগঠন মানবাধাকিার সংস্কৃতি ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা কমিটির যুগ্ম আহবায়ক মাধব দত্ত জানান, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিতে হামলা চালায়। এ সময় তার কপাল ও মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। নিহতের হাতে স্বর্ণের রুলি, গলায় চেইন এবং কানে দুল ছিল বলে জানা গেছে।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা রেকর্ড হয়নি এবং কাউকে জিজ্ঞাসাবাদের জন্যও আটক করা হয়নি।
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.