চ্যানেল ওম নিউজ ডেস্ক

চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে চলচ্চিত্র প্রযোজনার নামে প্রতারণা ও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি প্রতারণার মাধ্যমে ১৩ কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতারের পর দেবু প্রসাদ রায়কে আদালতে হাজির করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যদিও গত ১৮ এপ্রিল এই আদেশ দেওয়া হয়, বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার (২৫ এপ্রিল)।

মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ ঘটনাটি নিশ্চিত করেছে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, প্রায় ৮ থেকে ১০ দিন আগে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার প্রলোভন দেখিয়ে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা নেন দেবু প্রসাদ রায়। পরবর্তীতে একইভাবে আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৫ মে স্ট্যাম্পের মাধ্যমে আরও ৬ কোটি টাকা গ্রহণ করেন।

এছাড়া বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১ কোটি ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সর্বশেষ চলতি বছরের ৩০ মার্চও তার অনুরোধে বিকাশে অর্থ পাঠানো হয়।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিনেও টাকা ফেরত না দিয়ে বরং নানা অজুহাত দেখানো হয় এবং একপর্যায়ে হুমকিও দেওয়া হয়। সব মিলিয়ে প্রতারণার মাধ্যমে ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।