চট্টগ্রাম থেকে ঢাকাগামী পথে নিখোঁজ কর্মকর্তা বুলেট বৈরাগী, কোটবাড়িতে উদ্ধার মরদেহ
চট্টগ্রামে পেশাগত প্রশিক্ষণ শেষে রাজধানীতে ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি হোটেলের ফুটপাত থেকে তার নিথর দেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। ঘটনাটি ঘিরে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত ১১ এপ্রিল তিনি ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে যান। প্রশিক্ষণ শেষে শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে রওনা দেন তিনি। যাত্রাপথে পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ থাকলেও রাত ২টা ২৫ মিনিটের দিকে তিনি সর্বশেষ কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান।
এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি হঠাৎ বন্ধ পাওয়া যায়।
নির্ধারিত সময়ে গন্তব্যে না পৌঁছানোয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শেষে শনিবার সকালে তার বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর কিছুক্ষণ পরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ কোটবাড়ি এলাকার আইরিশ হোটেল সংলগ্ন ফুটপাত থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
পরে দুপুরে থানায় গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, মরদেহের মুখমণ্ডলে আঘাতের কিছু চিহ্ন থাকলেও শরীরে বড় ধরনের কোনো স্পষ্ট আঘাত তাৎক্ষণিকভাবে দেখা যায়নি। অন্যদিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে কর্মঠ এই সরকারি কর্মকর্তার মৃত্যুকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায় ও সহকর্মীদের মধ্যে ক্ষোভের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি উঠেছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.