কক্সবাজারের টেকনাফে জেলেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় শিশুসহ কয়েকজন আহত হয়েছেন এবং প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ায় হঠাৎ আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা প্রাথমিকভাবে চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই থেকে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয় বাসিন্দা রুবেল জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অধিকাংশ বাসিন্দা ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। ফলে ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা জামিন মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করা হয় এবং দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.