চ্যানেল ওম নিউজ ডেস্ক

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বিশ্বশান্তি ও সম্প্রীতির প্রত্যাশায় চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডীস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী নারায়ণ মন্দিরে আগামী ২৩ ও ২৪ এপ্রিল দুই দিনব্যাপী ১৩তম ‘শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ’ অনুষ্ঠিত হবে। পূর্ব গোমদণ্ডী স্টুডেন্ট ক্লাব ও মন্দির কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল বিকেল ৪টায় ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হবে। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে অধিবাস। পরদিন ২৪ এপ্রিল ব্রহ্মমুহূর্তে মঙ্গলআরতি, উষাকীর্তন ও পূজার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর পূর্বাহ্ণে বিশ্বশান্তি কামনায় মূল পর্ব ‘সপ্তশতী গীতাযজ্ঞ’ অনুষ্ঠিত হবে। মধ্যাহ্নে ভোগারতি শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং সায়াহ্নে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

যজ্ঞে পৌরহিত্য করবেন রাঙ্গামাটির শ্রীশ্রী সনাতন ঋষি আশ্রমের প্রতিষ্ঠাতা পরম পূজ্যপাদ স্বামী সনাতন ঋষি মহারাজ। আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন স্বামী দীপানন্দ ব্রহ্মচারী মহারাজ। এছাড়া স্বামী শিবানন্দ মহারাজ, স্বামী ভবানন্দ মহারাজ ও স্বামী রাখালানন্দ মহারাজসহ বিশিষ্ট সাধু-সন্তরা অংশ নেবেন। পূজার দায়িত্বে থাকবেন মানিক চন্দ্র চক্রবর্তী।

উৎসবকে সফল করতে নীলু সরকারকে সভাপতি ও দেবু বৈদ্যকে সহ-সভাপতি করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন সাধারণ সম্পাদক কাজল সরকার, অর্থ সম্পাদক ফুলন সরকার এবং সাংস্কৃতিক সম্পাদক সুজন সরকার।

আয়োজকরা জানান, বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতেই প্রতিবছরের মতো এবারও এই গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তারা সকল ধর্মপ্রাণ ভক্তকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।