চ্যানেল ওম নিউজ ডেস্ক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজিত প্রতিমাগুলো ভেঙে ফেলে। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ১৭ এপ্রিল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করলেও ব্যর্থ হয়ে প্রতিমা ভাঙচুর করে থাকতে পারে।

এ ঘটনায় মানবাধিকার কর্মী রাকেশ রায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং সামাজিক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।