নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার ৭ কেজি ওজনের রাধাকৃষ্ণের মূর্তি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি পুরোনো পুকুর খননের সময় উদ্ধার হয়েছে রাধাকৃষ্ণের কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি, যার ওজন প্রায় ৭ কেজি ৭০০ গ্রাম। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তরপাড়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তছির উদ্দিনের ছেলে মো. শহিদুল ইসলামের মালিকানাধীন একটি পুরাতন পুকুরে খননকাজ চলছিল। এ সময় শ্রমিকরা মাটির নিচে একটি মূর্তির সন্ধান পান। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৭ কেজি ৭০০ গ্রাম এবং এটি কষ্টিপাথরের তৈরি বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি নিদর্শন হতে পারে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি জব্দ করেছে। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনস্থ কোনো জাদুঘরে হস্তান্তর করা হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো অস্থিরতা নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.