চ্যানেল ওম নিউজ ডেস্ক

যশোরের ঝিকরগাছায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা—আহত এক হনুমান নিজেই চিকিৎসা নিতে পৌঁছে যায় পশু হাসপাতালে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আখতার জানান, ধারণা করা হচ্ছে, কেউ ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির পেছনের অংশে আঘাত করেছিল। সেই আঘাতের পর থেকেই প্রাণীটি চিকিৎসার সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। এর আগে এটি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানাতেও দেখা যায়।

পরে রোববার দুপুরে হনুমানটি ভেটেরিনারি হাসপাতালে এসে প্রথমে চিকিৎসা শেডের একটি টেবিলে বসে। সেখানে স্বাচ্ছন্দ্যবোধ না করায় সে ফার্মেসি কক্ষে ঢুকে বিভিন্ন ওষুধের বোতল খুলে শুঁকে দেখে, এমনকি কিছু খাওয়ার চেষ্টাও করে।

পরবর্তীতে চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিলে আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে যায় হনুমানটি। ভায়োডিন দিয়ে তার ক্ষতস্থান পরিষ্কার করা হয়। পুরো সময়টিতে প্রাণীটির আচরণ ছিল অনেকটা বাক্‌প্রতিবন্ধী মানুষের মতো—নির্বিকার ও নীরব।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং প্রাণীদের বুদ্ধিমত্তা ও অনুভূতি নিয়ে নতুন করে ভাবাচ্ছে স্থানীয়দের।