হাম-বসন্তসহ সংক্রামক রোগ থেকে মুক্তির প্রত্যাশায় ফরিদপুরের সদরপুর উপজেলার মালোপাড়া গ্রামে প্রায় ছয় দশক ধরে পালিত হয়ে আসছে ঐতিহ্যবাহী ‘শীতলা পূজা’। ধর্মীয় বিশ্বাস ও লোকজ সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠা এই আয়োজন আজ গ্রামবাসীর ঐক্য ও সম্প্রীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে কৃষ্ণপুর ইউনিয়নের মালোপাড়া গ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় পূজাটি। প্রতি বছরের মতো এবারও ঢাক-ঢোলের শব্দে মুখর হয়ে ওঠে পুরো গ্রাম, সৃষ্টি হয় আনন্দঘন আবহ।

স্থানীয়দের বিশ্বাস, শীতলা দেবীর পূজা-অর্চনা করলে হাম, বসন্তসহ নানা সংক্রামক রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়। এই বিশ্বাসকে ধারণ করেই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই পূজার আয়োজন।

প্রবীণদের ভাষ্য অনুযায়ী, প্রায় ৬০ বছর আগে এলাকায় বসন্ত রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিলে রোগমুক্তির আশায় এই পূজার সূচনা হয়। সেই ধারাবাহিকতা আজও অটুট রয়েছে।

পূজাকে ঘিরে গ্রামজুড়ে বসে এক মিলনমেলা। বিশেষ আকর্ষণ হিসেবে কাদা-মাটিতে খেলায় মেতে ওঠেন গ্রামবাসী, একে অপরকে কাদা মেখে আনন্দ ভাগ করে নেন—যা এই উৎসবের একটি প্রাচীন ঐতিহ্য।

গ্রামের মানুষের মতে, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও এই পূজা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। সংশ্লিষ্টদের মতে, এটি শুধু ধর্মীয় আচার নয়, বরং পারস্পরিক বন্ধন ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ, যা প্রতিবছরই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ধরে রাখছেন মালোপাড়া গ্রামের মানুষ।