চ্যানেল ওম নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টায় উত্তর ক্যাম্পাসে অবস্থিত মন্দিরটি পরিদর্শন করেন তিনি।

জানা যায়, মন্দিরের নির্মাণ কাজ শেষ হওয়ায় আগামী ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে। পরিদর্শনকালে উপাচার্য পুরো মন্দির ঘুরে দেখেন এবং নির্মাণ কাজের বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হন।

মন্দির পরিদর্শন শেষে উপাচার্য সন্তোষ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অসাম্প্রদায়িক চেতনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের শিক্ষার্থীরা একসাথে বসবাস করে, যা সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন। এ কাজে সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় উপস্থিত ছিলেন সনাতন ধর্ম পরিষদ চবির সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, প্রফেসর নির্মল কুমার সাহা, প্রফেসর ড. অনুপম দাশ গুপ্ত, প্রফেসর ড. প্রকাশ দাশ গুপ্ত, সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেব নাথ, ড. রামেন্দু পারিয়াল এবং প্রধান প্রকৌশলী আবদুল আহাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।