চ্যানেল ওম নিউজ ডেস্ক

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় বাদীকে জেরা করা হয়নি। তবে মামলার অপর ২৪ আসামির পক্ষে সাক্ষীকে জেরা করা হয়েছে। এদিন চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়।

বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় নিহত আলিফের বাবা জামাল উদ্দিনকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।

বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, এদিন ১১ জন উপস্থিত আসামি এবং ১৪ জন পলাতক আসামির পক্ষে বাদীকে জেরা করা হয়েছে। তবে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় তার পক্ষ থেকে জেরা হয়নি।

এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য্য তিন দফা সময়ের আবেদন করেছিলেন। শুনানির এক পর্যায়ে আদালত চিন্ময় কৃষ্ণ দাসকে তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত আছেন কি না এবং তিনি জেরা করতে চান কি না—তা জানতে চান। জবাবে তিনি আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন বলে সময় প্রার্থনা করেন।

আদালত আগামী ২৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন নগরীর কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সিএমপির কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন।

পরে গত ২৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদের আদালত সুকান্ত দত্তসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। তদন্তে তিনজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয় এবং নতুন করে চিন্ময় কৃষ্ণ দাসসহ আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়।